ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি, ডিস্ট্রিক্ট ৩২৮ -এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে হারম্যান মেইনার কলেজে দ্বাদশ শ্রেণির ৬৪ জন শিক্ষার্থীকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।
সোমবার (১১ আগস্ট) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা তরুণদের স্বপ্ন দেখতে, দক্ষতা অর্জন করতে ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ নায়ার ইসলাম অনুষ্ঠানের শুরুতেই ইনার হুইলের ইতিহাস, মূলমন্ত্র ও কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক যুব দিবস মনে করিয়ে দেয়, আমরা শুধু বর্তমান নই, ভবিষ্যৎও। কিন্তু সেই ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করে আমাদের আজকের কাজের ওপর। আপনারা তরুণ হিসেবে নিজেদের দক্ষতা গড়ে তুলুন, নতুন কিছু শিখুন এবং সমাজে অবদান রেখে দেশকে এগিয়ে নিয়ে যান।’
সভাপতি নাজনীন নাহার বলেন, ‘যুবসমাজ শুধু দেশের নয়, পুরো বিশ্বের পরিবর্তনের চালিকাশক্তি। তারা দেশের নানা সমস্যার—বেকারত্ব, বৈষম্য, পরিবেশ দূষণ—সমাধানকারী মূল শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করাই সবচেয়ে বড় কাজ। আপনারা নিজেদের অনুপ্রেরণা হিসেবে গড়ে তুলুন, সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করুন এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যান।’
ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শামসুন্নাহার হক তরুণদের উদ্দেশে বলেন, ‘আমরা ভয়কে জয় করবো, অলসতাকে হারাবো আর স্বপ্নকে বাস্তবে রূপ দেবো। বড় স্বপ্ন দেখুন, অবিরাম শিখুন, আর নিরলসভাবে কাজ করুন।’ শিক্ষার্থীরা গত এক মাসে করা ভালো কাজ শেয়ার করে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।
ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাসলিমা ইউসুফ, হাবিবা মল্লিক, সালমা আনোয়ার।
কানিজ ফাতেমা ডলি ধন্যবাদ জ্ঞাপনেরমাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করে বলেন ‘ভালোটাই বেছে নিন, খারাপটাকে ছেড়ে দিন।’
স্কুলের অধ্যক্ষ রাফিয়া আখতারের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং শিক্ষার্থীরা মনোযোগ সহকারে অংশগ্রহণ করে।









