ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব পরা নারী শিক্ষার্থীর ছবি নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়েছে অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (অ্যাক্ট)।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
সংগঠনটির প্রতিনিধি উম্মে সালমা লিখিত বক্তব্যে বলেন, ‘আমাদের বোন উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবননাশের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ চেয়ে যে আন্দোলন হয়, সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ক্ষমতাধর দল যেভাবে গণরুম, গেস্টরুম ও সিট বাণিজ্য করে, তার থেকে রক্ষার স্বপ্ন নিয়ে আমরা সেই আন্দোলনে সংহতি প্রকাশ করি। কিন্তু এর ফলস্বরূপ আমরা অকথ্য ভাষায় অনলাইন বুলিং, মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্তার শিকার হয়েছি।’
তিনি বলেন, ‘এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল ভুক্তভোগী নারী শিক্ষার্থীর প্রতি অবিচার নয়, বরং পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে।’
উম্মে সালমা আরও বলেন, ‘আমরা অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশন (এ্যাক্ট) প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্রী সংস্থার ছবি নিয়ে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।’









