শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল, তার স্ত্রী হাসিনা ইকবাল এবং এস এম এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মিনহাজুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এ তথ্য জানান।
আজ দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম ওই তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, এস এম শামীম ইকবালসহ তিন জনের বিরুদ্ধে এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারা দেশত্যাগেরর চেষ্টা করছেন। শতকোটি টাকা বিদেশে পাচারের অভিযোগের অনুসন্ধানকালে তারা দেশত্যাগ করলে সার্বিক কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন এ জন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।









