রাজধানীর বনানী এলাকায় ‘সিসা বারে’ ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামে এক যুবককে হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামির তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।
এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. আমজাদ শেখ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আসামি পক্ষের আইনজীবী মহসিন মিয়া, আজাদ হোসেন, গোলাম মঈনউদ্দীন চিশতী তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এতথ্য নিশ্চিত করেন।
এই চার আসামিকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত গ্রেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে '৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলাটি দায়ের করেন। রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থলের সিসিটিভির ভিডিও দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় প্রথমে তিনজন তাকে ঘিরে ধরে। এরমধ্যেই তাকে ছুরিকাঘাত করা হয়। তাদের মধ্যে একজন রাব্বিকে কিছু একটা দিয়ে পেটাতেও দেখা গেছে। পরে রাব্বি পেছনের দিকে সরে লিফটের সামনে চলে এলে একজনকে দুই দফা কিছু একটা দিয়ে রাব্বির দিকে ছুড়ে মারতে দেখা গেছে। সবশেষে আরেকজন এসে রাব্বির ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে সিঁড়ি দিয়ে নেমে যায়।









