রাজধানী গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে মিজানুর রহমান (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে এ দিন দুপুরে গুলিস্তান বাসস্ট্যান্ডের নারায়ণগঞ্জ রোডে রজনীগন্ধা পরিবহনের একটি বাস থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় পথচারীরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। শুরুতে তার পাকস্থলী পরিষ্কার করা হয়, পরে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই মাইনউদ্দিন জানান, মিজানুর রহমান নিউ মার্কেটের নূর ম্যানশনে কাপড়ের ব্যবসা করতেন। তাদের বাসা সাদ্দাম মার্কেট এলাকায়।
তিনি বলেন, ‘মঙ্গলবার বেলা আনুমানিক ১২টার দিকে ভাই গুলিস্তান আওয়ামী লীগ পার্টি অফিসের দিকে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন ইনকাম ট্যাক্সের কাজে। পরে খবর পাই তিনি বাসে অচেতন অবস্থায় পড়ে আছেন।’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত মিজানুর রহমানের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়। বর্তমানে রাজধানীর সাদ্দাম মার্কেট এলাকায় পরিবারসহ বসবাস করছিলেন।









