৩৩০ এসআই-সার্জেন্টের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কবে?

জামাল উদ্দিন
৩১ আগস্ট ২০২৫, ০০:০১আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০০:০৩

বর্তমানে পুলিশ সদর দফতরেরও আপত্তি নাই। ৭৫৭ জন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট থেকে চাকরিতে যোগদানে আগ্রহী ৩৩০ জনকে চূড়ান্ত করা হয়েছে। স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সব দফতর থেকেই মতামত দেওয়া হয়েছে বঞ্চিতদের পক্ষে। দেড় যুগেরও বেশি সময় ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সব শেষে গত পাঁচ মাস ধরে প্রধান উপদেষ্টার দফতরের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় দিন গুনছেন এসব চাকরিপ্রার্থী। চাকরিপ্রত্যাশীদের আবেদন, নিবেদন, সংবাদ সম্মেলন এবং সরকারের সব দফতরের ইতিবাচক সিদ্ধান্তের পরও কী কারণে বিষয়টি দীর্ঘায়িত হচ্ছে জানেন না কেউ।

সংশ্লিষ্টরা জানান, শারীরিক, লিখিত, মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষার পর সাব-ইন্সপেক্টর (এসআই) ও সার্জেন্ট পদে ৭৫৭ জনকে পুলিশ বাহিনীতে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল চার দলীয় জোট সরকার। তবে ‘দলীয় বিবেচনায়’ নিয়োগ দেওয়ার বিষয়টি সামনে এনে ২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সরকার কোনও নিয়ম ও পদ্ধতি অনুসরণ না করেই একটি নোটশিটের মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। ২০০৮ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের সময়ও তাদের আর নিয়োগ দেওয়া হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিয়োগের দাবি জানিয়ে আসছিল।

অন্তর্বর্তী সরকার গঠনের পর ২০২৪ সালের ২৩ আগস্ট প্রথমে সংবাদ সম্মেলন ও পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন সাব-ইন্সপেক্টর (এসআই) এবং সার্জেন্ট পদের নিয়োগবঞ্চিতরা। এরপর তাদের আবেদনের ফাইলগুলো দ্রুতগতিতেই এগোতে থাকে। সর্বশেষ গত এপ্রিলে প্রধান উপদেষ্টার দফতরে গিয়ে বিষয়টি আবার গতি হারিয়ে ফেলে।

নিয়োগবঞ্চিতদের মধ্যে চাকরিতে যোগদানে আগ্রহীদের নিয়োগ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-২ থেকে মতামত চাওয়া হয় আইন মন্ত্রণালয়ের। আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে তাদের মতামত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। কিছু সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আইন মন্ত্রণালয় তাদের মতামতে বলেছে, ‘আবেদনকারীদের ক্যাডেট এসআই (নিরস্ত্র) ও সার্জেন্ট পদে নিয়োগ কার্যক্রম সম্পন্নের মাধ্যমে নিয়োগের বিষয়ে একটি লেজিটিমেট এক্সপেক্টেশান তৈরি হয়েছে। সে কারণে ২০০৬ সালের বাতিলকৃত নিয়োগ পক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে প্রশাসনিক আদেশ দ্বারা নিয়োগের শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগ দেওয়া যেতে পারে।’ যে মতামতে সই করেছেন আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল, সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর এই মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে সেটা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গত এপ্রিল মাসে প্রধান উপদেষ্টার দফতরে পাঠানো হয়। প্রধান উপদেষ্টার দফতরের ইতিবাচক সিদ্ধান্ত পেলেই বঞ্চিতরা তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত চাকরিটি ফিরে পাবেন।

নিয়োগবঞ্চিতদের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় বিবেচনার অজুহাতে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি অত্যন্ত অমানবিকভাবে আমাদের নিয়োগ বাতিল করা হয়। দীর্ঘ ১৮ বছর পর অন্তর্বর্তী সরকার মৌলিক ও মানবিক দিক বিবেচনায় নিয়ে দেশের সব সেক্টরে নিয়োগ বঞ্চিত চাকরিপ্রার্থীদের পুনর্বহালের সিদ্ধান্ত নেয়।’

তিনি বলেন, ‘আমাদের নিয়োগ প্রক্রিয়াটির বিষয়ে জানার জন্য প্রধান উপদেষ্টার দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তাদের কাছ থেকে কোনও জবাব পাচ্ছি না।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আমাদের এই ব্যাচে এখনও ৪০ জন মেয়ে প্রার্থী রয়েছেন। বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজন আছেন। আমরা এই ন্যায় বিচারের অধিকারটুকু ফিরে পেতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা সর্বশেষ সিদ্ধান্তের জন্য সব পক্ষের আইনি মতামতসহ প্রধান উপদেষ্টার দফতরে ফাইল পাঠিয়েছি। সেখানকার সিদ্ধান্ত পেলেই তাদের নিয়োগ প্রক্রিয়া আবার শুরু করা হবে।’

/আরআইজে/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি