রাজধানীর মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় মো. নাজিম উদ্দিন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পেশায় টেইলারিং কারখানার কর্মী ছিলেন।
রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে মাতুয়াইল মেডিক্যালের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা সিএনজিচালক আনোয়ার হোসেন জানান, নাজিম উদ্দিন মোবাইলে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ছিটকে গিয়ে তার সিএনজির সামনে পড়ে যায় এবং তিনি গুরুতর আহত হন। পরে সকাল ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত নাজিম উদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ গ্রামের দীন মোহাম্মদের ছেলে। বর্তমানে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বসবাস করতেন।
তার ভাতিজা মোহাম্মদ শুভ ঢামেক মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তিনি জানান, সকালে কারখানার মালিকের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে চাচার মৃত্যুর খবর পান।
শুভ বলেন, ‘সকালে চাচা বাসা থেকে কাজে বেরিয়েছিলেন। তার কর্মস্থল ছিল মাতুয়াইল এলাকাতেই।’









