নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) নগর ভবনের বুড়িগঙ্গা সভাকক্ষে সমঝোতা স্মারক সই হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ জনসংখ্যা তহবিলের উদ্যোগে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির অর্থায়ন এবং জ্যাপাইগো বাংলাদেশের অংশগ্রহণে এই চুক্তি সম্পন্ন হয়। সমঝোতা স্মারক অনুযায়ী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর নগর স্বাস্থ্যকেন্দ্রের মিডওয়াইফদের জন্য কারিগরি নির্দেশনা, প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত উন্নয়নের সুযোগ নিশ্চিত করবে। পাশাপাশি জাতীয় নীতিমালা অনুযায়ী স্থায়ী মিডওয়াইফারি পদ সৃষ্টিতেও সহায়তা করবে তারা।
অন্যদিকে ডিএসসিসি নগর স্বাস্থ্যসেবায় মিডওয়াইফদের সম্পৃক্ত করতে প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক সহায়তা দেবে। এছাড়া মিডওয়াইফদের সেবার মান ও সহায়তা বৃদ্ধিসহ নগরবাসীর জন্য মানসম্মত ও সুলভ স্বাস্থ্যসেবা গড়ে তুলতে কাজ করবে।
ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের পক্ষে সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ার হোছাইন আকন্দ সমঝোতা স্মারকে সই করেন।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় এবং মা ও শিশু মৃত্যুহার হ্রাসে এই সমঝোতা স্মারক নব দিগন্তের উন্মোচন করেছে।
সিটি করপোরেশন এলাকায় নরমাল ডেলিভারি ও প্রসূতি সেবার প্রসারে এবং প্রান্তিক পর্যায়ে প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিএসসিসি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, পর্যায়ক্রমে সব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা চালু করা হবে।
উল্লেখ্য, বর্তমানে ডিএসসিসির ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে সার্বক্ষণিক মিডওয়াইফারি সেবা দেওয়া হচ্ছে।








