আর মাত্র দুই দিন পরই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ মুহূর্তে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে এ ক্ষেত্রে সংযম বজায় রাখছেন তারা। এত দিন দল বেঁধে প্রচারণা চালালেও আজ থেকে ভোটারদের কাছে একাই যাচ্ছেন প্রার্থীরা। অথবা সর্বোচ্চ এক-দুইজনকে সঙ্গে নিচ্ছেন।
মূলত শিক্ষার্থীরা কোনও কারণে বিরক্ত হতে পারেন এমন আচরণ থেকে তারা সতর্কতা অবলম্বন করছেন। কারণ দলবদ্ধ প্রচারণা বা ছবি-ভিডিও করার বিষয়টি শিক্ষার্থীরা ভালোভাবে নেন না।
শনিবার (৬ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন, ক্যাফেটেরিয়া, ডাকসু চত্বর, মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সরেজমিনে ঘুরে দেখা গেছে এমন চিত্র।
লিফলেট বিতরণের ক্ষেত্রেও থাকছেন সর্বোচ্চ তিন-চারজন।
অপরদিকে বিভিন্ন হলে গণসংযোগ করছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ, শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত আব্দুল কাদেরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা।
সিনেট ভবনের সামনে প্রচারণার সময় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ কয়েকজন শিক্ষার্থীর কাছে ভোট চাইতে যাচ্ছিলেন, কয়েকজন সাংবাদিক ছবি উঠাতে চাইলে তিনি না উঠানোর অনুরোধ করেন। তিনি মনে করেন এটি শিক্ষার্থীরা ভালোভাবে নেন না।
টিএসসিতে ‘ ডাকসু ফর চেঞ্জ’র ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লার প্রচারণার সময় লিফলেট নিয়ে একাই যান শিক্ষার্থীদের কাছে। তবে এ সময় তার সমর্থকরা খানিকটা দূরে অবস্থান করেন। প্রতিটি প্রার্থীর মধ্যে এ ধরনের সংযমী আচরণ দেখা গেছে।
তবে এমন প্রচারণায়ও এক ধরনের উৎসাহ দেখা গেছে কয়েকজন শিক্ষার্থীদের মধ্যে। আইন বিভাগের শিক্ষার্থী হারিস আহমেদ বলেন, ‘নীরব প্রচারণাকে ইতিবাচক হিসেবেই দেখছি। কারণ এতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়ক হচ্ছে।’









