ডলার প্রতারক চক্রের মূল হোতা আদিব ফয়েজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ। শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের জিন্নাত আলী এ তথ্য জানান।
রবিবার রাত পৌনে ১টায় রাজধানীর খিলগাঁওয়ের সিপাহিবাগ এলাকা থেকে আদিব ফয়েজকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জানা গেছে, আদিব ফয়েজ দীর্ঘদিন ধরে দেশে অবস্থান করেও যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে প্রতারণা চালাতো। সে অভিনব কৌশলে ডলার লেনদেনের প্রলোভন দেখিয়ে প্রবাসীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিতো। একইসঙ্গে দেশের ভেতরেও বহু মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।









