স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ক্যানসারের চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেছেন। তার বিদেশ যাওয়ার খবরে উপদেষ্টা আসিফ নজরুলের একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার স্ট্যাটাস শেয়ার দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন ‘আচ্ছা’। এরপর সেই পোস্ট ভাইরাল হয়ে যায়।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ওই পোস্টে লিখেছেন, ‘‘যদি ক্ষমতা থাকতো আইন করতাম— বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না। ক্ষমতা, চাকরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারবেন না। সপ্তাহে অন্তত একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে। রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না। বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতিজরুরি ছাড়া কোনও সফরসঙ্গী নিতে পারবেন না, এবিষয়ে সংসদকে জানাতে হবে।’’
পুরোনো সেই পোস্টেতিনি আরও লিখেন, ‘‘জনগণের টাকায় কোনও কিছু উদ্ধোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হবে। তাদেরকে মহামান্য ও মাননীয় বলা নিষিদ্ধ হবে। তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশে সব সম্পত্তি ও আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে। দূদকের একটি সম্পূর্ণ স্বাধীন ইউনিট শুধুমাত্র তাদের বিষয়ে নজর রাখবে। অন্যান্য ক্ষেত্রেও আরও বহু কিছু করতাম। যারা লুটেরা, চোর আর সন্ত্রাসী— তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম।’’








