রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে সৈকত হোসেন রিমন (২৫) নামের এক রডমিস্ত্রি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী ইমরান হোসেন (২০)।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর একটার দিকে কাজলা পেট্রোল পাম্পের পেছনে একটি তিনতলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আমির হোসেন জানান, রিমন পেশায় রডমিস্ত্রি ছিলেন। দুপুরে ভবনের ছাদে রশি দিয়ে রড তোলার সময় ছাদের বাইরের বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে রিমন ও ইমরান দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আহত ইমরানকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত সৈকত হোসেন রিমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বড়শালগড় গ্রামের মৃত জাবেদ ইকবালের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর শেখদি এলাকায় বোনের বাসায় থাকতেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়িতে থাকেন।









