নিরাপদ সড়ক চাই সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের মহাসচিব এস এম আজাদের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন শতাধিক সংগঠনের কর্মী ও স্কাউটস সদস্যরা।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সংগঠনের প্রধান কার্যালয় কাকরাইল থেকে র্যালিটি শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।
প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে মহাসচিব এস এম আজাদ বলেন, ‘সড়কে মৃত্যুর মিছিল যেন কোনওভাবেই থামছে না। চালকের অসাবধানতা, প্রশিক্ষণপ্রাপ্ত চালকের অপার্যপ্ততা দুর্ঘটনার মূল কারণ। সড়কে গতি না মানা এবং পাল্লা দিয়ে চলার কারণেও দুর্ঘটনা ঘটছে।’
তিনি বলেন, ‘বর্তমানে এক শ্রেণির বাইক চালক সড়কের কোনও নিয়ম শৃঙ্খলা মানেন না। দ্রুতগতিতে চলার কারণে অহরহ মৃত্যুর ঘটনা ঘটছে।’
এসএম আজাদ বলেন, ‘আমরা সড়কে মৃত্যু চাই না। নিরাপদ সড়ক চাই। এজন্য চালক ও রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষ সবাইকে সচেতন হতে হবে। সড়কে মৃত্যু কমিয়ে আনার জন্য সরকারকে আরও জোরালো পদক্ষেপ নিতে হবে।’









