শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৩টা ২০ মিনিটে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করার কথা রয়েছে। মিছিলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ছাড়াও ছাত্র-জনতা অংশ নিয়েছেন। মিছিল থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন।
এর আগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার আগামী নির্বাচনের আগেই করতে হবে। এই বিচার ছাড়া কোনও নির্বাচন নয়।
মিছিল শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও এ সময় ঘোষণা দেন জাবের।
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল জাবের আরও বলেন, “ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যার বিচারের জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এই হত্যার ঘটনা তদন্তের স্বার্থে প্রয়োজনে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থার সহায়তা নিতে হবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুজন ঘাতক তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলে। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল; সেখানেই ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয়।









