৩১ দিনেই তদন্ত শেষ, অপ্রতিম হত্যায় চার আসামির মধ্যে দুইজন কিশোর

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এ মামলায় দুই কিশোরসহ চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

অপ্রতিমের মরদেহ উদ্ধারের ৩১ দিনের মাথায় গত মঙ্গলবার (২০ অক্টোবর) আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চারজনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এখন বিচারিক কার্যক্রম শুরুর অপেক্ষায় রয়েছে নিহতের পরিবার।

জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২০ অক্টোবর দুই কিশোরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।

মামলার বাদী ও অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানান, অভিযোগপত্র দাখিলের বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। বৃহস্পতিবার রাতে তদন্ত কর্মকর্তা তাকে ফোন করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি জানান।

ছেলেকে হারানোর বেদনা প্রকাশ করে ফিরোজ শাহরিয়ার বলেন, অপ্রতিমকে ঘিরেই তাদের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এখন ভেঙে গেছে। তিনি দ্রুত বিচার শেষ করে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

দুই কিশোরসহ চারজন অভিযুক্ত

মামলাটির দ্বিতীয় তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজীব আহমেদ অভিযোগপত্রটি দাখিল করেন। এতে অভিযুক্ত করা হয়েছে সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। শিশু আইন অনুসারে, ১৫ ও ১৬ বছর বয়সী দুজনকে অভিযোগপত্রে শিশু হিসেবে উল্লেখ করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পরিকল্পনায় তুহিনের প্রধান ভূমিকা ছিল। পরিকল্পনার সঙ্গে সিয়ামের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তিনজনের বিরুদ্ধে। অন্যদিকে, সিয়ামের বিরুদ্ধে পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তুহিন এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

দুই কিশোরের বয়স নিয়ে পরিবারের প্রশ্ন

অভিযোগপত্র দাখিল হলেও দুই কিশোরের প্রকৃত বয়স নিয়ে উদ্বেগ রয়েছে অপ্রতিমের পরিবারের। তাদের বয়স নির্ধারণের বিষয়ে প্রয়োজনে ডিএনএ পরীক্ষার দাবিও আগে জানিয়েছিল পরিবার। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও প্রশ্ন উঠেছিল।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগপত্রের অনুলিপি হাতে পাওয়ার পর আইনজীবীর সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমানের দাবি, পুলিশ সুপারের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং গুরুত্বের সঙ্গে তদন্ত সম্পন্ন করা হয়েছে।

শারদীয় দুর্গাপূজার সরকারি ছুটির কারণে অভিযোগপত্র দাখিলের পরপরই আদালতের কার্যক্রম শুরু হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, ছুটি শেষে রবিবার থেকে আদালতের কার্যক্রম চালু হওয়ার কথা ছিল।

যেভাবে নিখোঁজ হয়েছিল অপ্রতিম

গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। সে কোটবাড়ির বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরদিন ১৯ সেপ্টেম্বর সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তদন্তে পুলিশের দাবি, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করার কথা জানায় তদন্তসংশ্লিষ্টরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে অন্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে পুলিশের দাবি। তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি তার বাসার খাটের তোশকের নিচ থেকে উদ্ধার করা হয়েছিল বলেও জানিয়েছিল পুলিশ।

এ ঘটনায় প্রথমে তুহিনসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পরে তদন্তে সিয়ামের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়ে তাকেও গ্রেফতার করে পুলিশ।

অভিযোগপত্র দাখিলের মধ্য দিয়ে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ হলেও অপ্রতিমের পরিবার এখন দ্রুত বিচার শুরুর অপেক্ষায় রয়েছে। তাদের প্রত্যাশা, আদালতের মাধ্যমে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হবে এবং দোষীরা আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে।

/আরএইচ/
সম্পর্কিত
শান্তিতে ফুটবল ম্যাচ দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে ফেলে রাখলেন স্বামী
জুলাই আন্দোলনে আহত দাবি করে মামলা, তদন্তে উঠে এলো সড়ক দুর্ঘটনার তথ্য
মোহাম্মদপুরে ‘মুখে ল’ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেফতার 
সর্বশেষ খবর
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
এক জেলায় সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতাকর্মী
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
শিল্পীর হাতে নয়, জলের কারুকাজে তৈরি চিলির অপূর্ব মার্বেল গুহা
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: তথ্যমন্ত্রী
কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
পর্যটনদের নিরাপত্তা কোথায়? কক্সবাজারে ঘুরতে এসে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে, কখনও ভাবিনি
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান