দুদকের তলব সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল না করায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক অনুসন্ধান শেষে গত ১৬ অক্টোবর সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়। নোটিশ হাতে হাতে পৌঁছে দিতে রাজধানীর কলাবাগান, বরিশাল নগরীর কালীবাড়ী রোড এবং আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীকালে গত ৪ নভেম্বর তার গ্রামের বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরম টানিয়ে নোটিশ জারি করা হয়।
নোটিশ জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে দুদক মনে করছে। এ কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটি দায়ের করেন।









