আমদানির আড়ালে ২৯ কোটি ৭৮ লাখ টাকা পাচারের অভিযোগে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর গুলশান থানায় মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম, পরিচালক রফিকুল ইসলাম, স্বাধীন পরিচালক তানিম নোমান সাত্তার ও স্বাধীন পরিচালক আজহারুল ইসলাম।
সিআইডি বলছে, অভিযুক্তরা গুলশানে অবস্থিত এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশের হেড অফিস থেকে ছয়টি এলসি বা সেলস কন্ট্রাক্ট দিয়ে ৫৬টি ই-এক্সপি নেন। বিপরীতে তৈরি পোশাক রফতানি করেন। কিন্তু, নির্ধারিত সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত রফতানিমূল্য প্রত্যাবাসন করেননি বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বৈধ আমদানির কথা বললেও প্রকৃতপক্ষে ঘোষণাকৃত পণ্যের তুলনায় কম বা ভিন্ন পণ্য আমদানি করতো। এর মাধ্যমে ২৯ কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৩৫৩ টাকা বিদেশে পাচার করেছে।
বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, “প্রতিষ্ঠানটির নথিপত্র, আমদানি সংক্রান্ত কাগজপত্র, এলসি ডকুমেন্ট, ব্যাংক হিসাব বিবরণী ও অন্যান্য আর্থিক তথ্য পর্যালোচনা করে অনিয়মের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমদানিকৃত পণ্যের মূল্য ও পরিমাণে গরমিল দেখিয়ে বৈদেশিক মুদ্রার অপব্যবহার এবং অর্থ-পাচারের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে।”
বর্তমানে মামলাটির তদন্ত সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।







