বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ইউজিসি অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
অনুষ্ঠানে কমিশনের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের পরিচালক এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুখ, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানা, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সদ্য সাবেক পরিচালক ড. শামসুল আরেফিনসহ ইউজিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ফায়েজ দেশের উচ্চশিক্ষার একমাত্র তদারকি প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধিতে ইউজিসি কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির সদস্যসহ সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ইউজিসি কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির পঞ্চম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ সদস্যের এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।








