বেক্সিমকো গ্রুপ ও এর সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ ঋণ সুবিধা নিয়ে প্রায় ৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের মহাপরিচালক জানান, আসামিদের বিরুদ্ধে শেয়ারবাজার জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে সাধারণ শেয়ারহোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া অবৈধ রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের প্রাথমিক প্রমাণ মিলেছে।
দুদকের অনুসন্ধান দল জানতে পেরেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ‘কোজি অ্যাপারেলস লিমিটেড’ নামক একটি কাগুজে প্রতিষ্ঠানের নামে ১৩৬ কোটি ৬৭ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।
দুদকের তথ্য অনুযায়ী, যেসব সুনির্দিষ্ট অনিয়মের সত্যতা পাওয়া গেছে তার মধ্যে রয়েছে— প্রয়োজনীয় জামানত ছাড়াই বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, অফশোর ও ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের নিয়ম ভেঙে ঋণ রূপান্তর, খেলাপি বা শ্রেণিকরণযোগ্য ঋণ পরিশোধ না করে নতুন ঋণ সৃষ্টি, অযৌক্তিকভাবে ঋণের মেয়াদ বৃদ্ধি, ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং শত শত কোটি টাকা বিদেশে পাচার।
তিনি আরও জানান, বেক্সিমকো গ্রুপের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের নামে সমন্বয়মূলক কাগুজে বিল ও ভুয়া এলসি খুলে বিপুল অঙ্কের অর্থ লোপাট করা হয়েছে।
মামলার অনুমোদন পাওয়া ২২ জনের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান), এ এস এফ রহমান, ইকবাল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী ওরফে ও কে চৌধুরী, এ বি সিদ্দিকুর রহমান, মাসুদ ইকরামুল্লাহ খান, শাহ মঞ্জুরুল হক, এইচ শামসুদ্দোহা, কোজি অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুর রহমান খান, সৈয়দ তানবির এলাহী আফেন্দি, আবু নাঈম মাহমুদ সালেহীন, মোস্তাফিজুর রহমান তানভীর, আহমেদ শায়ান ফজলুর রহমান, আহমেদ শাহরিয়ার রহমান এবং জনতা ব্যাংকের কর্মকর্তা আব্দুছ ছালাম আজাদ, আব্দুল জব্বার, মিজানুর রহমান, আবদুর রহিম, মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ শাহজাহান, হুমায়ূন কবির ঢালি ও শ ম মাহতাব হোসাইন বাদশা।








