দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযুক্ত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের দুটি ব্যাংক লকার তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত। সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসিতে থাকা লায়লা কানিজের লকার দুটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, লায়লা কানিজ ও তার স্বামী মতিউর রহমানের বিরুদ্ধে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল এবং অসাধু উপায়ে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ১০৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা তদন্তাধীন রয়েছে।
তদন্তকালে নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, রাজধানীর শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে লায়লা কানিজের নামে দুটি লকার রয়েছে। সুষ্ঠু তদন্ত ও অবৈধ সম্পদের সন্ধানে ওই লকারগুলো তল্লাশি করা জরুরি।
উল্লেখ্য, আলোচিত ‘ছাগলকাণ্ডের’ পর মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১৫ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি ও তার স্বামী মতিউর রহমান জেলহাজতে রয়েছেন। সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে তাঁদের বিরুদ্ধে করা মামলাটি বর্তমানে তদন্ত পর্যায়ে রয়েছে।









