চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ১২ জন সাংবাদিক আহতের ঘটনায় এখনও মূল আসামি ধরা পড়েনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ক্র্যাব আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাস করে ঢাকায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান নেতারা।
এছাড়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় আহতদের আশু রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ঘটনার পর থেকে প্রায় ভোর পর্যন্ত ক্র্যাব সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা স্থানীয় রাজনৈতিক নেতা এবং পুলিশের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুজন আর মঙ্গলবার আরও একজনকে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে।