পূর্ব তিমুরের (তিমুর-লেস্তে) জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ আদাও সোয়ারেস বারবোসা ২০২৬-২০২৭ মেয়াদে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোটের চেয়ারম্যান। তুরস্কের আন্তালিয়ায় কপ৩১ জলবায়ু সম্মেলনে তিনি বিশ্বের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৪টি দেশের প্রতিনিধিত্ব করছেন। কপ৩১-এর আলোচনা চলার মধ্যে ১১ নভেম্বর প্রতিবেদক রিনা আক্তার তুলির সঙ্গে কথা বলেন বারবোসা। সাক্ষাৎকারে তিনি জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর সামনে থাকা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।
বাংলা ট্রিবিউন: এলডিসি জোটের চেয়ারম্যান হিসেবে কপ৩১-এ আপনার সবচেয়ে বড় দাবি কী? এই দাবি বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর কীভাবে কাজে আসবে?
সোয়ারেস বারবোসা: কপ৩১ যেন কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন হয়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে। আমাদের কাছে এটি কোনো রাজনৈতিক পছন্দ-অপছন্দের বিষয় নয়, বরং টিকে থাকার লড়াই। প্যারিস চুক্তির বিশ্বাসযোগ্যতা নির্ভর করবে শুধু প্রতিশ্রুতির ওপর নয়, বরং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের জীবন রক্ষার ওপর।
কপ২৯-এ নির্ধারিত নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্যমাত্রার (এনসিকিউজি) আওতায় আমাদের অর্থায়ন নিশ্চিত করতে হবে, অভিযোজন খাতে অর্থায়ন কার্যকর করতে হবে এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও অগ্রগতি আনতে হবে। এর মাধ্যমে দেশগুলো নিজেদের সক্ষমতা বাড়াতে এবং ঝুঁকি কমাতে অভিযোজন কার্যক্রম নিতে পারবে। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুধু অর্থায়নই যথেষ্ট নয়। প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বাড়ানোর সহায়তাও খুব জরুরি। এর পাশাপাশি আমরা কার্বন নিঃসরণ কমানোর বিষয়েও কাজ করতে পারি, তবে তা হতে হবে স্বল্প-কার্বন উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে। প্যারিস চুক্তির ৪.৬ অনুচ্ছেদে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশগুলো তাদের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) এর মাধ্যমে অভিযোজন বা কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাতে পারবে, তবে এর জন্য কোনো পরিমাণগত লক্ষ্যমাত্রা নির্ধারণের বাধ্যবাধকতা নেই।
কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো, এই কপ সম্মেলন থেকে পরবর্তী সময়ের জন্য আলোচ্যসূচিতে একটি স্থায়ী বিষয় হিসেবে নিঃসরণ কমানোর কর্মসূচি রাখতে হবে। এর মাধ্যমে দেশগুলো নিঃসরণ কমানোর ক্ষেত্রে যে ঘাটতি রয়েছে, তা কীভাবে পূরণ করা যায় এবং কীভাবে আরও বেশি পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা করতে পারবে।
আমাদের আরেকটি অগ্রাধিকার অভিযোজন। বিশেষ করে বৈশ্বিক অভিযোজন লক্ষ্যমাত্রা (জিজিএ) বাস্তবায়ন। আগে সম্মত হওয়া ৫৯টি সূচক বাস্তবায়নে সহায়তার জন্য একটি কারিগরি টাস্কফোর্স প্রয়োজন। জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) বাস্তবায়নে অন্য পক্ষগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বাড়ানোর সহায়তাও পুরোপুরি নিশ্চিত করতে হবে।
বাংলা ট্রিবিউন: ক্ষয়ক্ষতি তহবিলের কার্যক্রম এখনও ধীরগতিতে চলছে। বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলো কবে বাস্তবে এই তহবিলের অর্থ পাবে? এ ক্ষেত্রে বাধাগুলো কী?
সোয়ারেস বারবোসা: ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিলের (এফআরএলডি) সিদ্ধান্তে অর্থ পাওয়ার পদ্ধতি স্পষ্ট করা হয়েছে। কীভাবে সরাসরি এই তহবিল থেকে অর্থ নেওয়া যাবে, তা সেখানে বলা আছে। ২০২৩ সালে দুবাইয়ে কপ২৮ সম্মেলনে গৃহীত তহবিলের পরিচালনা কাঠামোর অংশ এটি। কিন্তু বাস্তবে এই অর্থ পাওয়ার প্রক্রিয়া আমাদের জন্য খুব কঠিন।
অর্থ পাওয়ার একটি উপায় হলো সরাসরি আবেদন করা। সেটি সম্ভব না হলে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও অভিযোজন তহবিলের স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে পরোক্ষভাবে অর্থের আবেদন করা যায়। এভাবে দেশগুলো ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্য অর্থ চেয়ে সহায়তা পেতে পারে।
কিন্তু অর্থ পাওয়ার পথটি খুব কঠিন। এর জন্য আমাদের স্বীকৃত প্রতিষ্ঠান থাকতে হবে। তা না থাকলে এবং সরাসরি অর্থ পাওয়ার সুযোগও না থাকলে আমরা কিছুই পাবো না। তাই এলডিসিভুক্ত দেশগুলোর জন্য অংশীদারদের সঙ্গে আলোচনা করে দেশের জন্য একটি ‘কার্যকর সমমানের’ ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। এই ব্যবস্থা জলবায়ু মন্ত্রণালয়ের পরিবর্তে অর্থ মন্ত্রণালয়ের অধীনে থাকতে হবে। বিষয়টি নিয়ে অংশীদারদের সঙ্গে আরও আলোচনা করা দরকার।
বাস্তবতা হলো, বিদ্যমান তহবিলের অর্থ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। বার্বাডোজ বাস্তবায়ন পদ্ধতির (বিআইএম) আওতায় উন্নয়নশীল দেশগুলো অর্থের জন্য আবেদন করতে পারে। এ পর্যন্ত প্রায় ১৮৩টি আবেদন জমা পড়েছে, যার মোট পরিমাণ প্রায় ২৮০ কোটি ডলার। অথচ তহবিলে রয়েছে ১০০ কোটি ডলারেরও কম, প্রায় ৮০ কোটি ডলার। প্রয়োজনের তুলনায় এই অর্থ অনেক কম।
তাই আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তহবিলে নতুন করে অর্থ জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি। ২০২৭ সালের মধ্যে এফআরএলডিতে নতুন অর্থ জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু আমাদের এখনই কাজ শুরু করতে হবে। ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না।
বাংলা ট্রিবিউন: কপ৩০ সম্মেলনে অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার বিষয়ে আলোচনা হয়েছিল। কপ৩১-এ এই অঙ্গীকার বাস্তবায়নে স্পষ্ট কর্মপরিকল্পনা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে কি?
সোয়ারেস বারবোসা: গত বছর এলডিসি জোট হিসেবে আমরাই অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার দাবি জানিয়েছিলাম এবং এ বিষয়ে চাপ দিয়েছিলাম। এখন বিষয়টি বেশ কঠিন হয়ে পড়েছে। কিছু পক্ষ চায়, এটিকে আলাদা বিষয় হিসেবে রাখা হোক। তবে অন্য পক্ষগুলোও রয়েছে। এটি আমাদের সিদ্ধান্তের অংশ এবং জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচিরও অংশ হবে।
বিষয়টি কীভাবে নির্ধারণ করা হবে, তা নির্ভর করবে কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্ত এবং জলবায়ু অর্থায়নবিষয়ক কর্মসূচির আওতায় নেওয়া সিদ্ধান্তের ওপর। এখানেই আমাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
বিষয়গুলো নিয়ে আলোচনা করা কঠিন। তারপরও অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। এখনই সম্ভব না হলে এই কপ সম্মেলনের পর তা করতে হবে। যাতে তারা উন্নয়নশীল দেশগুলোর জন্য, বিশেষ করে বাংলাদেশ ও তিমুর-লেস্তের মতো এলডিসিভুক্ত দেশের জন্য অভিযোজন খাতে অর্থায়নের একটি পথ তৈরির বিষয়টি বিবেচনা করে।
বাংলা ট্রিবিউন: ধনী দেশগুলো যেন ঋণের পরিবর্তে অনুদান হিসেবে জলবায়ু অর্থায়ন দেয়, তা কীভাবে নিশ্চিত করবেন? বাংলাদেশ ইতোমধ্যে ঋণের চাপে রয়েছে।
সোয়ারেস বারবোসা: এটাই আমাদের অবস্থান। আমরা অনুদানভিত্তিক অর্থায়ন চাই। এলডিসিভুক্ত দেশগুলোর জন্য ঋণ নেওয়া বেশ কঠিন। কারণ, বিদেশ থেকে ঋণ নেওয়া অর্থ ফেরত দিতে হয়। কিন্তু কোনো প্রকল্প শেষ হওয়ার পর সেই ঋণ পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতা এলডিসিভুক্ত দেশগুলোর সীমিত।
তাই আমরা সরকারি তহবিল থেকে অনুদানভিত্তিক অর্থায়নের জোরালো দাবি জানাচ্ছি। কারণ, জলবায়ু ন্যায়বিচারের প্রতিফলন ঘটবে এ ধরনের অর্থায়নের মাধ্যমে। বৈশ্বিক নিঃসরণে আমাদের অবদান খুব কম, অথচ ঝুঁকি অনেক বেশি। এ কারণে সরকারি অনুদানভিত্তিক অর্থায়নের মাধ্যমে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এই অর্থায়নের হিসাব রাখা এবং সময়ের সঙ্গে এর অগ্রগতি পর্যালোচনা করাও সম্ভব হতে হবে।
বাংলা ট্রিবিউন: স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময় ঘনিয়ে আসছে। উত্তরণের পর জলবায়ু তহবিল ও বিশেষ সহায়তা হারানোর ঝুঁকি কতটা? এ বিষয়ে এলডিসি জোট কী করছে?
সোয়ারেস বারবোসা: আমার মনে হয়, বাংলাদেশ শুধু একটি তহবিল হারাবে। সেটি হলো স্বল্পোন্নত দেশগুলোর জন্য তহবিল (এলডিসিএফ)। তবে বাংলাদেশ ক্ষয়ক্ষতি তহবিল, গ্রিন ক্লাইমেট ফান্ড এবং অভিযোজন তহবিল থেকে অর্থ পেতে পারবে।
এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশ কিছু সময় এসব সুবিধা পাবে। উত্তরণের পর বাংলাদেশের প্রতি আস্থা বাড়বে। ফলে অন্যান্য উৎস থেকেও দেশটি বেশি অর্থ পেতে পারে।
এর কারণ হলো, একটি দেশ এলডিসিভুক্ত থাকলে তার আর্থিক ব্যবস্থাপনা বা অর্থের সঠিক ব্যবহার নিয়ে আস্থা কম থাকে। অর্থাৎ আর্থিক ঝুঁকি অনেক বেশি বলে বিবেচনা করা হয়। অবশ্য এ পরিস্থিতি মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে।
বাংলা ট্রিবিউন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের বাস্তুচ্যুত হওয়ার মতো বড় সংকটের মুখে রয়েছে বাংলাদেশ। আলোচনায় এসব বিষয় কতটা গুরুত্ব পাচ্ছে?
সোয়ারেস বারবোসা: আলোচনায় সমুদ্র ও উপকূলীয় এলাকার বিষয়গুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সমুদ্র আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করতে হবে। সমুদ্র ব্যবস্থাপনা অভিযোজন কার্যক্রমের অংশ হবে। একইভাবে উপকূলীয় এলাকার ব্যবস্থাপনাও অভিযোজনের অন্তর্ভুক্ত হবে।
তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলীয় অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হলে সেটিকে আসলে অভিযোজন বলা যায় না। এটি সরাসরি ক্ষয়ক্ষতি। এ ক্ষেত্রে তহবিল থেকে সহায়তা দিতে হবে।
তাই এ সমস্যা মোকাবিলার দুটি পথ রয়েছে। প্রথমটি অভিযোজন, দ্বিতীয়টি ক্ষয়ক্ষতি মোকাবিলা। কোন ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে, তা নির্ভর করবে প্রকল্পের ধরন ও তথ্য-উপাত্তের ওপর।
বাংলা ট্রিবিউন: স্থানীয় জনগোষ্ঠীর কাছে সরাসরি অর্থ পৌঁছানো নিশ্চিত করতে কী ধরনের সংস্কার চান?
সোয়ারেস বারবোসা: এলডিসি জোট হিসেবে আমরা ইতোমধ্যে নিজেদের উদ্যোগে প্রায় চারটি কর্মসূচি নিয়েছি। এর একটি হলো লাইফ-এআর (এলডিসি ইনিশিয়েটিভ ফর ইফেকটিভ অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স)। আজ বিকেলে আমরা লাইফ-এআরের জন্য একটি নতুন তহবিল বা সহায়তা ব্যবস্থা চালু করেছি। এটি স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিয়ে অভিযোজন কার্যক্রম পরিচালনার একটি উদ্যোগ।
লাইফ-এআরের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সামনের সারির দেশগুলো বিদ্যমান অর্থের উৎস থেকে সরাসরি সহায়তা পেতে পারে। বিশেষ করে জলবায়ু কনভেনশনের ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন উৎস থেকে এ সহায়তা পাওয়া সম্ভব।
আমাদের অংশীদার দেশগুলোও সহায়তা দিতে প্রস্তুত। বিশেষ করে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। আজ বিকেলে তাদের কাছ থেকে আমরা স্পষ্টভাবে শুনেছি, তারা এলডিসির এই উদ্যোগ এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন খাতে অর্থায়ন পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।
আমরা যখন অভিযোজন প্রকল্প তৈরি করব, সেগুলো জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন করা হবে। জাতীয় পর্যায়ে শুধু প্রস্তুতিমূলক কাজ হবে। বাস্তবায়নের জন্য যেসব প্রকল্প প্রস্তাব করা হবে, সেগুলো স্থানীয় পর্যায়ে পরিচালিত হবে। এসব প্রকল্পে স্বাস্থ্য, পানির নিরাপত্তা, খাদ্যনিরাপত্তা, কৃষি ও সামাজিক খাত অন্তর্ভুক্ত থাকবে।
বাংলা ট্রিবিউন: তুরস্কের আন্তালিয়ায় চলমান আলোচনা থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে এলডিসিভুক্ত দেশগুলোর প্রত্যাশা পূরণ হবে কি? তা না হলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?
সোয়ারেস বারবোসা: তাপমাত্রা বৃদ্ধির নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ার বিষয়টি এলডিসিভুক্ত দেশগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ কারণেই অংশীদার দেশগুলোর আলোচকদের সঙ্গে আমরা নিঃসরণ কমানোর কর্মসূচির গুরুত্ব নিয়ে কথা বলেছি।
এই কপ সম্মেলনের সিদ্ধান্তে যদি নিঃসরণ কমানোর কর্মসূচি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা আলোচনার কেন্দ্রে থাকবে।
তাপমাত্রা বৃদ্ধির নির্ধারিত সীমা ইতোমধ্যে ছাড়িয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নিঃসরণ কমানোর প্রচেষ্টা চালিয়ে আমরা আবারও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রার মধ্যে ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা করতে পারি।
বাংলা ট্রিবিউন: জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন?
সোয়ারেস বারবোসা: জলবায়ু অর্থায়ন আমাদের সবচেয়ে জরুরি উদ্বেগের বিষয়। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজে পাওয়া যায়, অনুদানভিত্তিক এবং পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করতে হবে।
বর্তমানে জলবায়ু তহবিল পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত জটিল। কপ৩১-এ এই প্রক্রিয়া সহজ করা জরুরি। পাশাপাশি অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করতে হবে এবং প্যারিস চুক্তির ৯.১ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে হবে।