রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টিপাতের কথা জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। দিনটিতে ১০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে, ৩১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ২৯ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে, এদিনে দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।









