দুধের শিশুকে কোলে নিয়ে স্বামীর জামিনের অপেক্ষায় স্ত্রী

আবু ছালেহ আতিফ
২৮ জানুয়ারি ২০২৬, ১২:৪৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৩:০৮

টাঙ্গাইলের মধুপুর থেকে সকাল ৮টা নাগাদ ঢাকার আদালতপাড়ায় এসে স্বামী শাকিলকে এক নজর দেখার অপেক্ষায় বসে আছেন জেসমিন। কোলে দুধের শিশু। সঙ্গে রয়েছে চার বছরের আরেক মেয়ে ও জেসমিনের মা।

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর রূপনগর থানার একটি ট্রলি চুরির মামলায় গ্রেফতার হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন জেসমিনের স্বামী শাকিল (৩১)। তিনি পেশায় উবারের প্রাইভেটকারচালক। আগে স্বামীর সঙ্গে ঢাকায় বসবাস করতেন জেসমিন। তবে, বাসাভাড়া ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি স্বামীর কম আয়ের কারণে পরে গ্রামে ফিরে যেতে বাধ্য হন এই নারী।

স্বামী কারাগারে যাওয়ার পর দুই সন্তান নিয়ে চরম অভাবে দিন কাটছে বলে বাংলা ট্রিবিউনকে জানান জেসমিন। তবুও স্বামীর জামিনের আশায় হাল ছাড়েননি এই দুই সন্তানের জননী। তিনি জানান, স্বামী গ্রেফতারের পর প্রথমে একজন আইনজীবী নিয়োগ করেছিলেন। সেখানে প্রায় আট হাজার টাকা খরচ করেও জামিন করাতে পারেননি। পরে নতুন আইনজীবী নিয়োগ করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের (সিএমএম) সামনে দেখা যায় জেসমিনকে। প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কারাগার থেকে শাকিলকে আদালতে আনা হলেও মামলার চাপ থাকায় তার শুনানি হয়নি। বিকাল পর্যন্ত আদালত চত্বরে অপেক্ষা করেন জেসমিন। আক্ষেপ করে তিনি বলেন, “দেখছেন, কিচ্ছু হইলো না। জামিন যে কবে হবে। বড় আসামিগোর জামিন হয়, আর এইডা নিয়ে এত জ্বালা।”

ট্রলি চুরির অভিযোগ প্রসঙ্গে জেসমিন দাবি করেন, তার স্বামী চুরি করেননি। অভিযোগকারী ভুল করে নিজেই গাড়িতে ট্রলি রেখে গিয়েছিলেন। পরে সেটি ফেরতও দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমার স্বামীকে ফাঁসানো হয়েছে। উনার নামে আগে কোনও মামলা ছিল না। উনি এমন মানুষ না।”

জেসমিনের মা বাংলা ট্রিবিউনকে বলেন, “দুইটা ছোট বাচ্চা নিয়ে আমার মেয়ের খুব কষ্ট। জামাই ড্রাইভার। এখন জেলে থাকায় কোনও আয় নেই। আমরা আপাতত নাতনিদের আর মেয়েকে ভরণপোষণ দিচ্ছি, মামলার খরচও চালাচ্ছি।”

শাকিলের প্রথম আইনজীবীর মাধ্যমে জামিন না হওয়ায় পরে জেসমিন ও তার মা নতুন আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেন। এ বিষয়ে প্রথম আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

শাকিলের বর্তমান আইনজীবী মো. আবদুল হামিদ ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, “গত ২০ জানুয়ারি জামিন আবেদন করা হয়েছিল, আদালত মঞ্জুর করেননি। আজ আবার আবেদন করেছি। আদালত আগামীকালের জন্য শুনানি ধার্য করেছেন। জামিন দেওয়া না দেওয়া আদালতের এখতিয়ার। তবে মানবিক বিবেচনায় জামিন আশা করছি।”

মামলার নথি থেকে জানা গেছে, বাদী গাজী সালাহ উদ্দিন গত বছরের ১৬ ডিসেম্বর মিরপুর-১ এলাকার স্কাই লাউন্স রেস্টুরেন্টে মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান শেষে উবার ডেকে বাসার উদ্দেশে রওনা দেন। রাত ১২টা ৩৪ মিনিটে একটি গাড়িতে উঠে ১২টা ৪৮ মিনিটে বাসায় পৌঁছান। গাড়িতে অনুষ্ঠানের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে বরপক্ষের দেওয়া বউ সাজানোর সামগ্রীসহ একটি বড় ট্রলি ব্যাগ ছিল।

বাদীর অভিযোগ, গাড়ি থেকে অন্যান্য জিনিস নামানো হলেও কৌশলে ট্রলি ব্যাগটি গাড়ির ভেতরে রেখে দেওয়া হয় এবং পরে সেটি নিয়ে পালিয়ে যান চালক। ব্যাগে থাকা মালামালের মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার উপ-পরিদর্শক মো. আসাদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “বাদী মামলা করার পর অভিযানে গিয়ে আসামির বাসা থেকে লাগেজের মালামাল উদ্ধার করা হয়েছে। আসামি স্বেচ্ছায় দেয়নি। জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার।”

সর্বশেষ চলতি মাসের ২০ তারিখ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শাকিলের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে তার জামিন আবেদন করা হলে আগামী বুধবার শুনানির দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রূপনগর প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম।

মামলার পর গত মাসের ২৫ তারিখ মিরপুর-১ এর শাহ আলী বাগদাদীর মাজার এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে ট্রলি চুরির মামলায় তিনি কারাগারে আছেন।

/এম/
সম্পর্কিত
তেজগাঁও ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
যুবদল নেতাকে হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা
সর্বশেষ খবর
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
বানর ‘পাঞ্চ’-এর প্রথম জন্মদিনে কার্ড পাঠালেন হাজারো ভক্ত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
ঐতিহাসিক আদিনা মসজিদের কাছে শিবলিঙ্গ স্থাপন নিয়ে উত্তপ্ত মালদহ
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
শিরোপা জেতা হয়নি, তবু নিজ শহরে উষ্ণ সংবর্ধনা পেলেন লিসান্দ্রো
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত