জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত সাবেক সদস্য মো. মতিউর রহমানের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের তদন্তে দেখা গেছে, মতিউর রহমান তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া সরকারি চাকরির ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে গোপনে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর এখন চার্জশিট অনুমোদন দেওয়া হলো।
এর আগে, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে মোট ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছিল।
প্রথম মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়, যার চার্জশিট ইতোমধ্যে অনুমোদিত।
অন্যদিকে দ্বিতীয় মামলায় মতিউরের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৪৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এই মামলাটির তদন্ত বর্তমানে চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।









