নবম পে-স্কেলর ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (৬ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগে পুলিশি বাঁধা উপেক্ষা করে তারা যমুনা অভিমুখে রওনা হন। পরে তারা যমুনার সামনে বিক্ষোভ করতে থাকেন। বিক্ষোভরতদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুঁড়েছে।
রমনা বিভাগের পুলিশের উপকমিশনার মাসুদ আলম বলেন, “আমরা সতর্ক রয়েছি। আইনশৃঙ্খলার যেন কোনও অবনতি না ঘটে। আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছি তারা যেন এখান থেকে অন্যত্র চলে যান।”
এর আগে সারাদেশ থেকে আন্দোলনকারীরা শহীদ মিনারে জড়ো হন। তারা সেখান থেকে বেলা ১১টার দিকে যমুনা অভিমুখে রওনা হন। শাহবাগে পৌঁছালে তারা পুলিশি প্রতিরোধের মুখে পড়েন। পুলিশ লাঠিচার্জ না করলেও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে। সেই বাঁধা উপেক্ষা করেই তারা যমুনার অভিমুখে রওনা হন। বর্তমানে যমুনার সামনেই তারা বিক্ষোভ করছেন।
যমুনার সামনে পৌঁছালে বিক্ষোভরতদের সরিয়ে দিতে চায় পুলিশ। আন্দোলনরতদের সঙ্গে একাধিকবার কথা বলে পুলিশের ঊর্ধ্বতনরা। কিন্তু, তারা সেখান থেকে না সরতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। একপর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে।
বিক্ষোভকারীদের দাবি, বর্তমান সরকারকে পে-স্কেল ঘোষণা করতে হবে। যেহেতু কমিশন তাদের সব রিপোর্ট জমা দিয়েছে এখন শুধু গেজেট আকারে প্রকাশ করলে তা কার্যকর হবে। নির্বাচিত সরকার আসলে এটির বাস্তবায়ন বিলম্ব হবে।









