অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে জাতি। এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখন সাজসাজ রব।
শুক্রবার দিনভর সরেজমিনে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের সড়কগুলো আলপনার রঙে বর্ণিল হয়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহীদ মিনারসংলগ্ন সড়কগুলোতে সাদা-কালো ও রঙিন নকশা ফুটিয়ে তুলেছেন। আলপনায় স্থান পেয়েছে ভাষা আন্দোলনের বিভিন্ন প্রতীক, শহীদদের স্মরণে অমর বাণী এবং একুশের চেতনার নানা স্লোগান। আলপনার কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে মন্ত্রিসভার সদস্য এবং রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।









