নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের নির্দেশে রাজধানীর মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কারকাজ শুরু হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে প্রাচীন এই নাট্যমন্দিরের সংস্কারকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। এ সময় উলুধ্বনি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিটি নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এরই ধারাবাহিকতায় এই নাট্যমন্দিরের সংস্কারকাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আগামী স্থানীয় নির্বাচনেও তারা জনগণের ভোট চান। প্রশাসকের পরিবর্তে নির্বাচিত মেয়র হলে উন্নয়নকাজ আরও দ্রুত করা সম্ভব হবে।
শফিকুল ইসলাম মিল্টন বলেন, নৈতিক জায়গাকে অগ্রাধিকার দিয়ে মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসন কাজ করবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারসহ মন্দিরের প্রতিনিধিরা।









