আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
শনিবার (১৪ মার্চ) রাজধানী গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
লক্কড়ঝক্কর কোনও বাস সড়কে নামবে না জানিয়ে তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। ঈদযাত্রা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে ফিটনেসবিহীন ও লক্কড়-ঝকড় বাসের চলাচল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।
ডিএমপি কমিশনার বলেন, যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র্যাব, সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে।
এ সময় ভোগান্তি কমাতে গার্মেন্টস শ্রমিকদের একবারে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।
যাত্রীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, অস্ত্রধারীসহ বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। বিভিন্ন টার্মিনালে নিয়মিত নিরাপত্তা অভিযান চলবে। অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি বন্ধেও নিয়মিত তদারকি করা হবে বলে জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।
এ সময় দূরপাল্লার বাসে একাধিক চালক রাখা এবং বাসের ছাদে যাত্রী পরিবহন না করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।









