কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমের (আইএলএস) কয়েক কোটি টাকা মূল্যের তার চুরি হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বিমানবন্দরের রানওয়ে এলাকা থেকে এসব তার চুরি হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। রবিবার (১৫ মার্চ) এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদর দফতর।
বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, মূল্যবান তার চুরির ঘটনাটি কয়েকদিন আগে ঘটলেও বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি সদর দফতরকে অবহিত করেনি। পরে শনিবার বিষয়টি জানাজানি হলে রবিবার এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আইএলএস কী
ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) হলো এমন একটি রেডিও নেভিগেশন ব্যবস্থা, যা কুয়াশা বা খারাপ আবহাওয়ার সময় বৈমানিকদের নিরাপদে রানওয়েতে বিমান অবতরণে সহায়তা করে।
এর আগে কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরুসহ বিভিন্ন প্রাণীর বিচরণের খবর প্রায়ই সংবাদ মাধ্যমে এসেছে। এবার ফ্লাইট অবতরণের গুরুত্বপূর্ণ নেভিগেশন ব্যবস্থার তার চুরির ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে চেপে যাওয়ার চেষ্টা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জানতে কক্সবাজার বিমানবন্দরের পরিচালক গোলাম মর্তুজা হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।









