রাজধানীর বনানীতে ট্রেনের ধাক্কায় আহত সিকিউরিটি গার্ড আফাজ উদ্দিন (৪৬) মারা গেছেন।
রবিবার (১৫ মার্চ) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ মার্চ) রাত ৯টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই মো. হাবিব জানান, আফাজ উদ্দিন বনানী এলাকায় একটি বাসায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন।
তিনি বলেন, সোমবার সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পথে বনানী এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঢামেক হাসপাতালে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান।
আফাজ উদ্দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।









