মানবপাচার মামলায় রিমান্ডে থাকা আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পদের তথ্য চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ মার্চ) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, রিক্রুটিং প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেড সংশ্লিষ্ট চার জনের বিরুদ্ধে সম্পদবিবরণী দাখিলের নোটিশ জারির প্রক্রিয়া চলছে।
তিনি জানান, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ উদ্দিন চৌধুরী, নূর মোহাম্মদ আব্দুল মুকিত, মেহবুবা আফতাব সাথী ও তাসনিয়া মাসুদের সম্পদের তথ্যও চাওয়া হবে।
আকতারুল ইসলাম জানান, আরও আগেই তাদের সম্পদের তথ্য চেয়ে নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। তবে অবস্থান নিশ্চিত করা না যাওয়ায় তা কার্যকর হয়নি। মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার হওয়ায় এখন নতুন করে প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আকতারুল ইসলাম আরও জানান, গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পৃথক একটি মানবপাচার মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।









