দেশে জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত রয়েছে এবং তা আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সাধারণত দেশে জ্বালানি তেলের ১৫ দিনের মজুত থাকে। বর্তমানে প্রায় এক মাসের মজুত রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করতে সরকারের সব সক্ষমতা যাচাই করেছেন। বিভিন্ন মন্ত্রণালয় কী পদক্ষেপ নিয়েছে এবং সার্বিক পরিস্থিতি কেমন—সেসব বিষয় পর্যালোচনা করা হয়েছে।
নাসিমুল গনি বলেন, আগে সাধারণত ১৫ দিনের মজুত থাকলেও এখন রিজার্ভ পর্যাপ্ত রয়েছে।
মানুষ আতঙ্কে তেল কিনছে উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত তেল কিনলে তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এই রিজার্ভ আরও বাড়ানো হবে। বর্তমানে প্রায় এক মাসের মতো মজুত রয়েছে।









