জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মাসুদ হোসাইন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে, গত ২ এপ্রিল মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. মমিনুল ইসলাম আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করেছিলেন।
আবেদনে বলা হয়, এই মামলায় আসামির জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এমতাবস্থায় আসামি আর এস ফাহিম চৌধুরীকে এই মামলায় গ্রেফতার দেখানো একান্ত প্রয়োজন।
গত ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আর এস ফাহিমকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরে ৩০ মার্চ জুলাই আন্দোলনকে কেন্দ্র করে গুলশান থানায় এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় আদালত।









