আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহম্মেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত সিআইডির আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক বিল্লাল হোসেন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, মনির আহম্মেদ আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর নামে অধিক মুনাফা দেওয়া করার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করেছেন। এ প্রতিশ্রুতিতে তিনি সমিতির সদস্য এবং ১০০০-১১০০ নিরীহ লোকের কাছ থেকে সর্বমোট ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এসব অর্থ দিয়ে ফ্ল্যাট, জমি কিনে মানিলন্ডারিংসহ সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হওয়ার বিষয়ে তথ্য পাওয়া যায়।
মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নামে উল্লেখিত ৬টি ব্যাংক হিসাব অবরূদ্ধ থাকা একান্ত প্রয়োজন।









