দুর্নীতির অভিযোগ থাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন ও পরিবারের সদস্যদের আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক রুবেল হোসেন আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বেলায়েত হোসেনের আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ, সঠিকতা যাচাই এবং তার মালিকানাধীন অন্য কোনও সম্পদ আছে কি না, তা যাচাই, পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এছাড়া তার স্ত্রী ফারহানা হোসেন, দুই মেয়ে রাহাত আরা ঋতি ও শামীম আরা নিতু এবং ছেলে আদনান হোসেন নীপুর দাখিল করা আয়কর নথি পর্যালোচনা করা আবশ্যক। এ জন্য বেলায়েত হোসেন ও তার পরিবারের সদস্যদের নামীয় আয়কর নথির সত্যায়িত ছায়ালিপি সরবরাহে আদালতের আদেশ একান্ত প্রয়োজন।









