জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই অবকাঠামো নির্মাণ জরুরি বলে জানিয়েছেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। তিনি বলেন, “এই কাজে তথ্য ও জ্ঞানের দ্রুত আদান-প্রদান নিশ্চিত করতে এলজিইডির নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম (কেএমএস) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
রবিবার (১২ এপ্রিল) এলজিইডি সদর দফতরের সেমিনার কক্ষে ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্রিলিক আয়োজিত কেএমএস উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বেলাল হোসেন বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই সিস্টেম এলজিইডির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াবে এবং প্রকৌশলী ও গবেষকদের মধ্যে কারিগরি জ্ঞান দ্রুত আদান-প্রদানে সহায়তা করবে।”
এতে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম। পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেড কেএমএস-এর লক্ষ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া উপস্থাপন করে। কর্মশালায় এলজিইডির ঊর্ধ্বতন প্রকৌশলী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









