রাজধানীর তিনশো ফিট সড়কে গাড়ি ধাক্কায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারীর নাম পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর হতে পারে। তার পরনে ছিল কালো বোরকা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মামুন জানিয়েছে, খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট বসুন্ধরা ২ নাম্বার আন্ডারপাসের ওপরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনও গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন অজ্ঞাত ওই নারী।
পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাত পৌঁনে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।









