রাজধানীর মহাখালীর আমতলীতে ‘ভাটি বাংলা’ পরিবহনের একটি বাস উল্টে হেল্পার নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের দুই যাত্রী।
শনিবার (৬ জুন) সকালে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম রফিক (৩৫)। আহতরা হলেন– মো. রনি (২৫) ও মো. ফিরোজ (৪০)।
ময়মনসিংহ সদর উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে রফিক। তার শ্যালক রনি শেখ জানান, রফিক ভাটি বাংলা পরিবহনের হেলপার ছিলেন। তিনি তিন দিন আগে ডিউটিতে যোগ দেন।
তেজগাঁও ফায়ার স্টেশনের কর্মী মোস্তফা কামাল জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাখালী আমতলী এলাকায় আয়ারল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত দুজনের ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।









