ঘূর্ণিঝড়ের মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২০ জুলাই) মার্কিন দূতাবাস এক বার্তায় জানায়, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। এই প্রেক্ষিতে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য কয়েকটি পরামর্শ অনুসরণ করতে আহ্বান জানায় দূতাবাস।
যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov-এ STEP এর জন্য নিবন্ধন করতে বলা হয়।
বার্তায় সবাইকে পরিকল্পনা তৈরি করে রাখতে বলা হয়েছে। এছাড়া ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকতে এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন তা নিয়ে আলোচনা করতেও উৎসাহিত করা হয়েছে।
একই সঙ্গে সবাইকে জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি সবার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট এবং পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানায় দূতাবাস।









