কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০২৬, ২৩:১১আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২৩:১১

কক্সবাজারের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) সুগন্ধা-কলাতলী সৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক ও শহর রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটিতে জাইকার নিজস্ব ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল কনসিডারেশনস’ গাইডলাইন এবং জলবায়ু ও জীববৈচিত্র্য সংরক্ষণে জাপানের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার যথাযথভাবে অনুসরণের দাবি জানিয়েছে সংস্থাটি।

রোববার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে দেওয়া এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, উন্নয়ন অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে প্রকল্পটির কারণে প্রাকৃতিক বালিয়াড়ি, উপকূলীয় উদ্ভিদ ও জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষতি, প্রাকৃতিক পানি নিষ্কাশনব্যবস্থা ব্যাহত হওয়া এবং দীর্ঘমেয়াদে উপকূলীয় জলবায়ু-সহনশীলতা ঝুঁকিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, সমুদ্রসৈকতের বালিয়াড়ি ও উপকূলীয় উদ্ভিদ ঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রের ঢেউ ও উপকূলীয় ক্ষয়ের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষাব্যূহ হিসেবে কাজ করে। ফলে গুরুত্বপূর্ণ উপকূলীয় প্রতিবেশব্যবস্থার স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন টেকসই উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিবেশগত সংবেদনশীল এলাকায় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে প্রকল্পের দীর্ঘমেয়াদি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি। চলমান প্রকল্পের ক্ষেত্রে এ ধরনের মূল্যায়ন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ক্রমবর্ধমান ঝুঁকির মুখে। এ অবস্থায় প্রাকৃতিক উপকূলীয় প্রতিবেশব্যবস্থাকে দুর্বল করতে পারে—এমন কোনো প্রকল্প দীর্ঘমেয়াদে জনস্বার্থ ও জলবায়ু স্থিতিস্থাপকতার সহায়ক হতে পারে না।

তিনি বলেন, প্রকল্পটির অর্থায়নকারী সংস্থা হিসেবে জাইকার কাছেও পরিবেশগত ও সামাজিক সুরক্ষা নীতিমালা যথাযথভাবে প্রতিপালন ও প্রয়োগের প্রত্যাশা রয়েছে। জাইকার নিজস্ব গাইডলাইনে প্রকল্পের সম্ভাব্য পরিবেশগত ও সামাজিক ক্ষতি যথাসম্ভব এড়িয়ে চলা বা কমিয়ে আনা, বিকল্প ব্যবস্থা বিবেচনা, পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও এ-সংক্রান্ত তথ্য প্রকাশ এবং সংশ্লিষ্ট অংশীজনদের অর্থবহ অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ কারণে সুগন্ধা-কলাতলী বালিয়াড়ির মতো পরিবেশগতভাবে সংবেদনশীল এলাকায় প্রকল্প বাস্তবায়নের আগে এসব সুরক্ষাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা জাইকা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ড. ইফতেখারুজ্জামান বলেন, বিষয়টি শুধু একটি অবকাঠামো প্রকল্পের পরিবেশগত প্রভাবের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জাপান ও বাংলাদেশের ঘোষিত জলবায়ু ও জীববৈচিত্র্যবিষয়ক আন্তর্জাতিক অঙ্গীকারের প্রতি শ্রদ্ধাশীলতার প্রশ্নও জড়িত।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপান উভয় দেশই ‘কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি’ (সিবিডি)-এর রাষ্ট্রপক্ষ এবং ‘কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক’ (কেএমজিবিএফ)-এ অঙ্গীকারবদ্ধ। জাপানের ‘ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান’-এ ২০৩০ সালের মধ্যে ‘নেচার পজিটিভ’ অর্থনীতিভিত্তিক সমাজ প্রতিষ্ঠাকে অন্যতম প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, জাপান তার উন্নয়ন সহযোগিতাকে প্যারিস চুক্তির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রতিশ্রুতিবদ্ধ।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, জাইকার ‘এনভায়রনমেন্টাল পলিসি’ ও ‘সাসটেইনেবল পলিসি’তে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্যারিস চুক্তির লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখার কথা বলা হয়েছে। এমন প্রেক্ষাপটে চলমান প্রকল্প বাস্তবায়নে জাপান সরকার ও জাইকার এসব অঙ্গীকারের বাস্তব প্রয়োগ নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায় টিআইবি জাইকা ও জাপান সরকারের প্রতি তাদের নিজস্ব পরিবেশগত সুরক্ষা নীতির সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পটির পরিবেশগত ও সামাজিক প্রভাব সম্পর্কে জনসমক্ষে সুস্পষ্ট তথ্য প্রকাশ এবং স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশগত ও কারিগরি পর্যালোচনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের স্থানে ইতোমধ্যে কোনো পরিবেশগত ক্ষতি হয়ে থাকলে সমুদ্রসৈকতের বালিয়াড়ি ও স্থানীয় উপকূলীয় উদ্ভিদ পুনরুদ্ধারসহ একটি বিশ্বাসযোগ্য পরিবেশ পুনর্বাসন পরিকল্পনা গ্রহণ এবং প্রকল্পটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে সংস্থাটি।

/আইএ/ইউএস/
সম্পর্কিত
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ আইন নিয়ে টিআইবির উদ্বেগ
আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি
সর্বশেষ খবর
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
জেলার উন্নয়ন তদারকিতে মন্ত্রীরা, বিরোধী দলের আপত্তি কেন?
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
প্রবাসীর ৪০ লাখ টাকার স্বর্ণ ছিনতাই, বিএনপি-ছাত্রদল ২ নেতা গ্রেফতার
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
ফারইস্ট ইসলামী লাইফের ৫২৩ গ্রাহক পেলেন ৫ কোটি ৪২ লাখ টাকা 
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সালমান এফ রহমানের পক্ষে লড়তে বিদেশি আইনজীবীর আবেদন
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল