যে কারণে ম্যাগসাইসাই পুরস্কার পেলো রুনা খানের ‘ফ্রেন্ডশিপ’ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ আগস্ট ২০২৬, ২১:৩২আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ২১:৩২

‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি  সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। মূলত দুই দশকের বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত, সামগ্রিক ও স্থানীয় বাস্তবতাভিত্তিক উন্নয়ন সমাধান গড়ে তোলায় নেতৃত্ব, সাহস ও মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবে রুনা খান এই সম্মাননা পেলেন।

২০০২ সালের পর থেকেই চিকিৎসাবঞ্চিত মানুষের দুয়ারে সেবা পৌঁছে দেওয়া, অভাবের সংসারে আলো জ্বালানো থেকে শুরু করে খাবার নিয়ে তারা ছুটে যায় বন্যা দুর্গতদের ঘরে। শিক্ষার সুযোগ না পাওয়াদের কাছে জ্ঞানের মশাল পৌঁছে দেওয়ার কাজও করছে এই সংস্থা। নিরবচ্ছিন্নভাবে এসব কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান। যাকে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করেছে র‍্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশন। 

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, অন্যের সেবায় নিয়োজিত থাকা, বিভিন্ন সম্প্রদায়ের জন্য সুযোগ সৃষ্টি করা এবং মানুষকে নিজেদের ভবিষ্যৎ গড়ে নেওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করায় দেওয়া হয়েছে এই পুরস্কার। 

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ভাসমান হাসপাতাল ও সবার জন্য স্বাস্থ্যসেবার সুযোগ, দুর্যোগে ত্রাণ, সক্ষমতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু সহনশীলতা, শিক্ষা, অন্তর্ভুক্তি ও অধিকার এবং সাংস্কৃতিক সংরক্ষণ নিয়ে কাজ করে ফ্রেন্ডশিপ।

প্রতিষ্ঠানটি জানায়, ৭৫ লাখ মানুষ ফ্রেন্ডশিপের স্বাস্থ্য পরিষেবার আওতায় রয়েছে। জরুরি খাদ্য সহায়তা পেয়েছে ৮৩ লাখ মানুষ। এছাড়া প্রতি বছর সংস্থাটির অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব সচেতনতা কর্মসূচি থেকে উপকৃত হয় ৩ লাখ ৩০ হাজার মানুষ। ফ্রেন্ডশিপের টেকসই অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচি থেকে উপকৃত মানুষের সংখ্যা ৯৮ হাজার। উপকূলীয় লবণাক্ত এলাকায় সংস্থাটির ৬টি পানি শোধনাগার থেকে নিরাপদ পানি পেয়ে থাকেন ৮০ হাজার মানুষ। শিক্ষা কার্যক্রম থেকে উপকৃত শিশু ও প্রাপ্তবয়স্কের সংখ্যা ২৫ হাজার। 

জানা যায়, স্বাস্থ্যসেবায় প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে ফ্রেন্ডশিপ সংস্থাটি। তাদের দুটি ভাসমান হাসপাতাল ব্রহ্মপুত্রের চরাঞ্চলে এবং একটি স্থলভিত্তিক হাসপাতাল রয়েছে উপকূলীয় অঞ্চলের শ্যামনগরে। এসব হাসপাতালে চোখের ছানি, ক্লাবফুট মতো সমস্যার চিকিৎসা করা হয়। এছাড়া পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসায় আরও জটিল অস্ত্রোপচারের পাশাপাশি শিশু, স্ত্রীরোগ, দন্ত ও চক্ষুসেবা দেওয়া হয়। এসব হাসপাতালে বিনামূল্যে ও সাশ্রয়ী মূল্যে সেবা পান রোগীরা। ফ্রেন্ডশিপের ভ্রাম্যমাণ চিকিৎসা দল রয়েছে যারা সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক ভিত্তিতে চিকিৎসাসেবা দিয়ে থাকে। এছাড়া দুর্যোগের সময় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর কাছেও স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেন তারা। স্থানীয় কমিউনিটির নারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরামর্শ দেওয়ার জন্য প্রশিক্ষিত করে সংস্থাটি। এই কাজে একটি মোবাইল অ্যাপও রয়েছে তাদের। 

ঘূর্ণিঝড় ও বন্যার সময় মানুষকে আশ্রয় দিতে দক্ষিণাঞ্চলে আশ্রয়কেন্দ্রও নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। যা স্বাভাবিক সময়ে প্রাথমিক বিদ্যালয়ে হিসেবে ব্যবহৃত হয়। উত্তরের নদীবেষ্টিত চরাঞ্চলে বন্যার পানি থেকে মানুষ ও তাদের গবাদিপশুকে রক্ষা করতে উঁচু প্লিন্থ বা বন্যার পানির স্তরের চেয়ে উচু ক্ষুদ্র গ্রামও তৈরি করেছে। পাশাপাশি দুর্যোগের সময় ফ্রেন্ডশিপ দুর্গম জনগোষ্ঠীর কাছে জরুরি ত্রাণসেবা পৌঁছে দেয়। 

আরও জানা যায়, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানির চাহিদা মেটাতে ছয়টি পানি শোধনাগার স্থাপন করেছে ফ্রেন্ডশিপ। সাশ্রয়ী মূল্যে এগুলো থেকে পানি সরবরাহ করা হয়। এছাড়া করোনা মহামারিতে আয় হারানো অতিদরিদ্র পরিবারের জন্য কুড়িগ্রামে খাদ্যব্যাংক চালু করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দারিদ্র বিমোচনেও কাজ করে ফ্রেন্ডশিপ। তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নারীদের তাঁত বোনা, কাপড়ে রং করা ও সেলাইয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। পরে সেসব পণ্য বাংলাদেশ ও ইউরোপে ফ্রেন্ডশিপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘কালার্স অব দ্য চার্স’-এর মাধ্যমে বিক্রি করা হয়।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্য বলছে, জীবিকা রক্ষা বা নতুন জীবিকার সুযোগ তৈরিতে কৃষক ও জেলেদের ঋণ দেয় ফ্রেন্ডশিপ। সেই সঙ্গে তাদের দক্ষতা উন্নয়ন, উৎপাদন বাড়ানো এবং সামগ্রিকভাবে আর্থিকভাবে টেকসই হয়ে ওঠার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। ফ্রেন্ডশিপের কমিউনিটি কর্মীরা দুর্গম এলাকার মানুষকে সরকারি সেবার সুযোগ পেতে সহায়তা করেন। এছাড়া হারিয়ে যেতে বসা কারুশিল্পের কর্মীদের টেকসই জীবিকার সুযোগ তৈরি করতে কাজ করে থাকে।

জলবায়ু সংকট মোকাবিলায় ম্যানগ্রোভ বন সংরক্ষণ ও পুনরুদ্ধারে কাজ করে ফ্রেন্ডশিপ। সরকারি ও অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে মিলে দেশের জলবায়ু ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভবন নির্মাণে কাজ করছে তারা। এছাড়া দুর্গম চরাঞ্চলের পরিবারগুলোকে কম খরচে সৌরবিদ্যুৎ চালিত আলো এবং বিভিন্ন জনগোষ্ঠীকে সৌরবিদ্যুৎচালিত সড়কবাতির সুবিধা দিচ্ছে ফ্রেন্ডশিপ। তিনটি নতুন সৌর মাইক্রোগ্রিড স্থাপন করে ৫৬০টি পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে এসেছে সংস্থাটি। 

আরও জানা যায়, প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্কদের জন্যও শিক্ষা সেবা পৌঁছে দেয় ফ্রেন্ডশিপ। এছাড়া আইনি সহায়তা ও অধিকার বিষয়ে সচেতনতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নেও কাজ করে সংস্থাটি। 

এদিকে ‘এশিয়ার নোবেল’ হিসেবে পরিচিত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় রুনা খান বলেছেন, তিনি গভীর আনন্দ ও বিনয়ের সঙ্গে র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। এই স্বীকৃতি একই সঙ্গে একটি বড় দায়িত্ব। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে কারণে ম্যাগসাইসাই পুরস্কার পেলো রুনা খানের ‘ফ্রেন্ডশিপ’ 
যে কারণে ম্যাগসাইসাই পুরস্কার পেলো রুনা খানের ‘ফ্রেন্ডশিপ’ 
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মেসির
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
রাস্তায় দুই প্রাইভেটকারচালকের মারামারি, ট্রাফিক পুলিশের হাতে দুজনই আটক
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান