গণপরিবহণে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের পুনে মেট্রো। শহরটির নতুন পিঙ্ক লাইন বা মেট্রো লাইন ৩ পরিচালনার দায়িত্বে রয়েছেন নারীরাই। চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার উদ্বোধন করেন। হিঞ্জেওয়াড়ির তথ্যপ্রযুক্তি কেন্দ্রের সঙ্গে পুনের গুরুত্বপূর্ণ এলাকা শিবাজিনগরের যোগাযোগ আরও সহজ করবে ২৩ কিলোমিটার দীর্ঘ এই রুট।
বিষয়টি নিয়ে কনটেন্ট ক্রিয়েটর লালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে। ভিডিওতে মেট্রোর বিশেষত্ব তুলে ধরা হয়েছে। শুধু যাত্রী পরিবহণ নয়, গণপরিবহণ ক্ষেত্রে নারীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পুনের পিঙ্ক লাইন মেট্রোর বিশেষত্ব
পুনের পিঙ্ক লাইন সম্পূর্ণ উড়ালপথে নির্মিত। এই রুটের মাধ্যমে শহরের হিঞ্জেওয়াড়ি আইটি হাবের সঙ্গে শিবাজিনগরের সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। মেট্রোর প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ৩০ শতাংশ আসে সৌরশক্তি থেকে। আর ট্রেন পরিচালনার দায়িত্বে রয়েছেন নারী চালকেরা।
এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, এটি অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ। আরেকজন জানিয়েছেন, নাগপুরেও নারী চালকেরা মেট্রো ট্রেন পরিচালনা করেন। এক দর্শকের দাবি, বেঙ্গালুরু মেট্রোর চালকদের মধ্যেও নারীদের সংখ্যা উল্লেখযোগ্য।
তবে এই উদ্যোগ নিয়ে সবার মত এক নয়। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ট্রেন কে চালাচ্ছেন, সেটি কেন আলাদা করে গুরুত্ব পাওয়ার বিষয় হবে? তাদের মতে, নারী-পুরুষের মধ্যে এভাবে পার্থক্য না করাই প্রকৃত সমতার পরিচয়।
পিঙ্ক লাইন মেট্রোর ভাড়া কত?
পুনের পিঙ্ক লাইন মেট্রোয় সর্বনিম্ন ভাড়া ১২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ টাকা। ১৮ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে যাত্রীদের গুনতে হবে ৬২ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮২ টাকা। অন্যদিকে, পুনের পুরোনো মেট্রো নেটওয়ার্কে সর্বোচ্চ ভাড়া শহরের বর্তমান মেট্রো নেটওয়ার্কে সর্বোচ্চ ভাড়া ৩৫ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ টাকা। ফলে নতুন লাইনের ভাড়া তুলনামূলক বেশি।
পিঙ্ক লাইন শহরের বিদ্যমান মেট্রো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। ফলে যাত্রীদের এক রুট থেকে অন্য রুটে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানো, যানজট নিয়ন্ত্রণ এবং যানবাহন থেকে নির্গত দূষণ কমাতেও এই পরিষেবা ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, চলতি সপ্তাহে পুনে মেট্রোর দ্বিতীয় পর্যায়ের কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুমানিক ১৩ হাজার ৫০০ কোটি রুপি ব্যয়ে এই পর্যায়ে মেট্রোর ২এ, ২বি, ৪ ও ৪এ লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে।