প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫

রোডক্র্যাশে প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আঘাত কমাতে দ্রুত একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক, সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন, দায়িত্বশীল সড়ক ব্যবহার এবং দুর্ঘটনা-পরবর্তী দ্রুত জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন তারা। 

রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আলোচনা সভায় তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক ২০২৩ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৩ শতাংশ বেড়েছে। অপরদিকে ইউরোপীয় অঞ্চলে একই সময়ে মৃত্যুর হার ৩৬ শতাংশ কমেছে। যথাযথ নীতি, আইন, নিরাপদ অবকাঠামো ও কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সড়কে প্রাণহানি কমানো সম্ভব।’ 

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ২০২৩ সালে ৫ হাজার ৩০৫, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ সড়ক ব্যবস্থার পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান (নিরাপদ সড়ক অবকাঠামো, নিরাপদ যানবাহন, নিরাপদ গতিসীমা, নিরাপদ সড়ক ব্যবহারকারী এবং দুর্ঘটনা-পরবর্তী কার্যকর সেবা) নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

প্রবন্ধে আরও বলা হয়, বাংলাদেশে রোডক্র্যাশের কারণে হাসপাতালগুলোর ওপর উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে। ২০২৪ সালের ‘এস্টিমেটিং হসপিটাল বার্ডেন অব রোড ট্র্যাফিক ইনজুরিস ইন বাংলাদেশ’ গবেষণার তথ্য অনুযায়ী, হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ রোডক্র্যাশে আহত রোগীদের চিকিৎসায় ব্যবহৃত হয়। একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয় বাদে ব্যক্তি পর্যায়ে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়। এর মধ্যে রোগ নির্ণয়, ওষুধ, অস্ত্রোপচার, শয্যা, যাতায়াত এবং রোগীর সঙ্গে থাকা ব্যক্তির খাবার ও আবাসনের ব্যয় অন্তর্ভুক্ত। 

সভায় বক্তারা বলেন, রোডক্র্যাশ কেবল সড়ক বা পরিবহন খাতের সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও উন্নয়নের জন্যও বড় চ্যালেঞ্জ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ১১ লাখ ৯০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান। প্রতিদিন গড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ রোডক্র্যাশ। এসব মৃত্যুর ৯২ শতাংশই ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘রোডক্র্যাশে মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। তাই দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিরাপদ সড়কব্যবস্থা নিশ্চিত করা গেলে প্রাণহানি কমানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।’ 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তাদের তিনজন প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্যও বড় ক্ষতি। প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক এ কাজে সহায়তা করতে পারে।’ 

পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘রোডক্র্যাশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।’ 

তিনি আরও বলেন, ‘পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রোডক্র্যাশে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ডের সহায়তার বিষয়টি জানাতে হবে, যাতে তারা জানতে পারেন এবং সময়মত যথাযথ সহায়তা পান।’ 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমান, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের ম্যানেজার খালিদ মাহমুদসহ অন্যরা বক্তব্য দেন। 

বক্তারা বলেন, জাতিসংঘের গ্লোবাল প্ল্যান ফর দ্য সেকেন্ড ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটি ২০২১-২০৩০-এর লক্ষ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে আনতে হবে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন খাত, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। 

/এএজে/এসটি/ 
সম্পর্কিত
সড়কে মৃত্যুর মিছিল থামবে কবে: ‘স্মরণ নয়, এবার চাই কার্যকর পদক্ষেপ’
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
পেছন থেকে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো দুই মাদ্রাসাশিক্ষকের
সর্বশেষ খবর
ইরানের অর্থনীতিতে বড় ধসের পূর্বাভাস দিলেন মার্কিন অর্থমন্ত্রী
ইরানের অর্থনীতিতে বড় ধসের পূর্বাভাস দিলেন মার্কিন অর্থমন্ত্রী
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে? 
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা, ছেলের মৃত্যুদণ্ড
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
যৌন হয়রানির শিকার স্বরা, চুপ ছিলেন কাজ হারানোর ভয়ে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর