লিবিয়ায় আটকে পড়া ও স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সম্মিলিত সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসিতদের প্রতি অনুরোধ জানানো হয়।
আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেক নাগরিককে পথখরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজন সাপেক্ষে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এ ছাড়া লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।