দিবস আসে দিবস যায়, সহিংসতা কমে না: প্রতিরোধে ব্যবস্থা কোথায়?

সঞ্চিতা সীতু
২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে দেশে আইন, নীতিমালা ও সচেতনতামূলক কর্মসূচি থাকলেও সহিংসতার ঘটনা কমছে না। বরং চলতি বছরের প্রথম নয় মাসে নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেড়েছে। অপরাধের বিচার নিশ্চিত করা, ভুক্তভোগীদের সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমন পরিস্থিতিতে আজ বুধবার (২৫ নভেম্বর) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য—‘ইউনাইট টু এন্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস: এনশিওর জাস্টিস, প্রোটেক্ট সারভাইভার্স, এন্ড ইমপিউনিটি’।

প্রসঙ্গত, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি ১৯৯৭ সাল থেকে দিবসটি ও পক্ষ পালন করে আসছে।

সহিংসতার চিত্র

নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধির চিত্র উঠে এসেছে বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ২ হাজার ৪০৪ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন। আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ১ হাজার ৫১১। সে হিসাবে সহিংসতার ঘটনা বেড়েছে প্রায় ৫৯ শতাংশ।

এই নয় মাসে ৬৫৭ জন ধর্ষণ, ১৩০ জন গণধর্ষণ এবং ৬৯৬ জন যৌন হয়রানির শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় নিহত হয়েছেন ৪৫৭ নারী। সংস্থাটির অক্টোবর মাসের হিসাব অনুযায়ী, ওই মাসে ২৬১ নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হয়েছেন।

অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৫৬৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১৪৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৮ জনকে। একই সময়ে পারিবারিক সহিংসতার ৩৭৯টি ঘটনা নথিভুক্ত করেছে সংস্থাটি।

বাংলাদেশ মহিলা পরিষদের হিসাবে, অক্টোবর মাসে ২৪০ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫১ জন ধর্ষণের শিকার এবং ৪২ জন বিভিন্ন কারণে হত্যার শিকার হয়েছেন।

এদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ২০২৪ সালের জরিপে দেখা গেছে, বিবাহিত নারীদের ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময়ে স্বামী বা সাবেক স্বামীর মাধ্যমে সহিংসতার শিকার হয়েছেন।

প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজন

সংশ্লিষ্টদের মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন বা দিবসকেন্দ্রিক কর্মসূচি যথেষ্ট নয়। অপরাধের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসন এবং সামাজিকভাবে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বাংলা ট্রিবিউনকে বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে তিনটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে, তাতে সহিংসতা বেড়েই চলেছে। পাশাপাশি বিচারের দীর্ঘসূত্রতাও সহিংসতা বাড়ার একটি বড় কারণ। এখনও অনেক নারী নির্যাতনের ঘটনার বিচার হয়নি।

রাজধানীর পল্লবীর শিশু রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘রামিসা হত্যার বিচার হলেও এর আগে ও পরে এ ধরনের আরও অনেক ঘটনা ঘটেছে, যেগুলোর বিচার হয়নি। এসব অপরাধের বিচারে ধারাবাহিকতা থাকা জরুরি।’

ফওজিয়া মোসলেম আরও বলেন, ‘অপরাধীরা যাতে ভয় পায়। তারা যেন বুঝতে পারে যে তাদের শাস্তি হবেই। এর পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিকভাবে বিষয়টি গুরুত্ব দিতে হবে।’

মহিলা পরিষদের সভাপতি বলেন, ইদানীং নারী বিদ্বেষী মন্তব্য ও আচরণ বেড়েছে। নারীকে কেন্দ্র করে নানা ধরনের বাজে মন্তব্য করার প্রবণতাও বাড়ছে। এসব বন্ধ করা জরুরি বলে তিনি মনে করেন।

মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নারীর প্রতি সহিংসতা ও কন্যাশিশুদের ওপর নির্যাতন বাংলাদেশের চিরায়ত সমস্যা। অতীতে ছিল, বর্তমানেও চলছে। সমাজের ব্যবস্থাগুলো দুর্বল হয়ে গেছে। যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতা কমাতে হলে নাগরিক হিসেবে সবাইকে সচেতন হতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নারীকে মানুষ হিসেবে সম্মান ও মর্যাদা দেওয়ার সংস্কৃতি গড়ে ওঠেনি।’

শিক্ষাব্যবস্থায় এসব বিষয় আরও জোর দিয়ে অন্তর্ভুক্ত করা, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, ‘পরিবার ও সমাজকেও দায়িত্ব পালন করতে হবে। গত দুই বছরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ তুলনামূলক কম ছিল। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারীর প্রতি যৌন হয়রানিও বেড়েছে, কিন্তু তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’

/ইউএস/
সম্পর্কিত
বাজারে ৯ মাসে ১০ হাজার অভিযান: তবু স্বস্তি নেই কেন
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি
বিস্ফোরক মামলায় যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
সর্বশেষ খবর
এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!
এবার ১০০ কোটির পথে শচীনের ব্র্যান্ড!
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
শতাধিক মানুষের সাক্ষাৎকারে টেলর সুইফটের বিরুদ্ধে ‘অন্যকে হেয় করার’ অভিযোগ
বাজারে ৯ মাসে ১০ হাজার অভিযান: তবু স্বস্তি নেই কেন
বাজারে ৯ মাসে ১০ হাজার অভিযান: তবু স্বস্তি নেই কেন
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
২ ডিগ্রি পর্যন্ত কমবে রাতের তাপমাত্রা, দিনে কেমন থাকবে আবহাওয়া
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী