রাজধানীর হাজারীবাগে একটি নির্মাণাধীন ভবনে পিলার ঢালাইয়ের কাজ করার সময় মাটি চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো. রুবেল (৩৫)। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটায় রুবেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাটি চাপা পড়ে একজন মারা গেছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী জাহিদুল ইসলাম জানান, জিগাতলা ট্যানারি মোড় এলাকায় একটি নয়তলা ভবন নির্মাণের কাজ চলছিল। নিচে পিলার ঢালাইয়ের কাজ করছিলেন রুবেল। এসময় পাশে থাকা মাটি রুবেলের ওপর ধসে পড়ে। এতে সে মাটির নিচে চাপা পড়ে। জাহিদুল জানান, রুবেলের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পাটগ্রামে।








