রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাপনা নিয়ে ঢাকায় আন্তর্জাতিক সিম্পোজিয়াম শেষ হয়েছে। রাজধানীর সেনা মালঞ্চে অনুষ্ঠিত দু’দিনব্যাপী আন্তর্জাতিক এই সিম্পোজিয়াম বুধবার (১২ ফেব্রুয়ারি) শেষ হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। সিম্পোজিয়ামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১১৯ জন অংশ নেন।
আইএসপিআর জানায়, এই সিম্পোজিয়ামের কর্মসূচির লক্ষ্য ছিল শিক্ষাবিদ, পেশাজীবী, সরকারি কর্তৃপক্ষ এবং শিল্প কারখানাকে একত্রিত করে রাসায়নিক নিরাপত্তা ও সুরক্ষা এবং রাসায়নিক ক্ষয় প্রতিরোধে সচেতনতা বাড়ানো। সিম্পোজিয়ামটির মূল আলোচ্য বিষয় ছিল কেমিক্যাল প্রসেস সেফটি এবং লস প্রিভেনশন, ঝুঁকি শনাক্তকরণ এবং ঝুঁকি মূল্যায়ন, পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা, টেক্সটাইল রাসায়নিক সুরক্ষা, পরিবহন সুরক্ষা ও নিরাপত্তা, রাসায়নিক সুরক্ষা এবং ব্যবস্থাপনা সংক্রান্ত আইন ও নীতিমালাগুলো। এসব বিষয়ে দেশ বিদেশের বিশেষজ্ঞগণ তাদের পাঠ উপস্থাপনা করেন।
বিএনএসিডব্লিউর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সিম্পোজিয়ামের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেন। তিনি সমাপনী বক্তব্যে দেশে রাসায়নিক সুরক্ষা ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। সবশেষে জাতীয়ভাবে রাসায়নিক অস্ত্র কনভেনশন বাস্তবায়নের বিষয়ে একত্রে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।








