মৃত্যু আলাদা করলো দুই বান্ধবীকে

আমানুর রহমান রনি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:২৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৮

কচি হক ও সোনিয়া পাঁচ বছর আগে সনিয়া (৩০) ও দুলদানা আক্তার কচির (৩২) পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। এরপর দুজনের একসঙ্গে পথচলা শুরু। রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন তারা। কচির মা-বাবা কেউ বেঁচে নেই। সনিয়ার মা-বাবাকেই তিনি মা-বাবা বলে ডাকতেন। এরমধ্যে সনিয়ার নয় মাস আগে ভারতে এক যুবকের সঙ্গে বিয়ে হয়। সেখানেই ছিলেন সনিয়া। ছুটিতে বাবা-মা ও ভাইবোনের সঙ্গে সময় কাটাতে দেশে আসেন। এক মাস ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন। বান্ধবী কচির স্কুটিতে ঢাকার পুরনো বান্ধবীদের সঙ্গে দেখা করতে ঘুরে বেড়িয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কচির স্কুটিতে করে বনানীতে তাদের এক সিনিয়র বান্ধবীর বাসায় গিয়েছিলেন সনিয়া। সেখান থেকে বাসায় ফেরার সময় গাড়িচাপায় দুই বান্ধবী নিহত হন। মৃত্যুই আলাদা করলো তাদের দুজনকে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গের সামনে দেখা গেছে সনিয়ার মা মনোয়ারা বেগম, নানি, দুই ভাই, এক খালা, তার বোন ও ভাইয়ের স্ত্রী বসে আছেন। তখন মর্গে সনিয়ার ময়নাতদন্ত চলছিল।

সোনিয়ার মা, খালা ও নানী সনিয়ার গ্রামের বাড়ি ভোলা সদরের মাছবেদুরিয়া এলাকায়। তার বাবার নাম রুহুল আমিন। মঙ্গলবার রাতে (২৫ ডিসেম্বর) রাতে সড়কে সনিয়ার মৃত্যুর পর তার মোবাইল ফোন থেকে পরিবারের নম্বর পেয়ে বাসায় ফোন দেয় পুলিশ। তাদের মৃত্যুর সংবাদ জানানো হয় স্বজনদের। তবে কেউ বিশ্বাস করতে পারছিলেন না। বারবার হাসপাতালে আসতে বলার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে মেয়ের লাশ পান মনোয়ারা বেগম।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার রাত ৯টার দিকে আমি সনিয়াকে ফোন দেই। বাসায় কয়েক প্যাকেট বিরিয়ানি আনিয়েছিলাম। তাই সনিয়াকে ফোন দিয়েছিলাম, যাতে দ্রুত বাসায় আসে। তখন সনিয়া ফোন ধরে বলে, মা আমি বনানীতে মিনু আপার বাসায়। আমার সঙ্গে কচিও আছে। আমরা একটু পরে বাসায় আসছি। এরপর আমার সঙ্গে আর কথা হয়নি।’

মনোয়ারা বেগম তার মেয়ের বিভিন্ন স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পরেন। সনিয়ার ভাই মো. ফারুক বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি ভোলায় হলেও দীর্ঘদিন ধরে শাহ আলী এলাকায় বসবাস করছি। এখানেই আমাদের বেড়ে ওঠা। সনিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতো। কচি তার বান্ধবী। তারা একসঙ্গে চাকরি করতো। ভারত থেকে আমদানি করা কসমেটিক্সের দোকানে চাকরি করতো সনিয়া। সেখানে চাকরি করার সময় সৈয়দ মহসিন নামে এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। নয় মাস আগে তার সঙ্গে ভারতে বিয়ে হয়। বিয়ের পর সে ছুটিতে বেড়াতে এসেছিল। তার স্বামীরও আসার কথা ছিল।’

এদিকে দুলদানা আক্তার কচির বাবার নাম সৈয়দ ফজলুল হক, মা রেখা আক্তার। তার বাবা-মা কেউ বেঁচে নেই। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকায়। তারা দুই বোন। বড় বোন চুমকি গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন। তবে বাড়িতে বেশি একটা যেতেন না কচি।

কচির মামা নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কচি ও সনিয়া কল্যাণপুরে এক রুমের বাসায় ভাড়া থাকতো। তার বাবা-মা কেউ নেই। আপন বলতে তার বড় বোন। কচি পার্ল ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানির ট্যারিটরি ম্যানেজার ছিল। তবে আরও কিছু প্রতিষ্ঠানে সে কাজ করতো, আমরা তা জানি না। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে নিয়ে এসেছি।’

মঙ্গলবার রাত ১টার দিকে রাজধানীর বনানীতে সেতু ভবনের সামনে স্কুটার আরোহী সনিয়া ও কচিকে চাপা দেয় একটি গাড়ি। পরবর্তী সময়ে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন। চিকিৎসকরা রাত দেড়টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বনানী থানায় দুর্ঘটনাজনিত মামলা হয়েছে। তবে চাপা দেওয়া গাড়িটি এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘাতক গাড়িটি শনাক্তে কাজ করছি। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজ দেখে ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।’

কচি ও সনিয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুজনের শরীরে আঘাত রয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনাজনিত আঘাত বলে মনে হচ্ছে। তারপরও আমরা তাদের ভিসেরা সংগ্রহ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে তাদের কীভাবে মৃত্যু হয়েছে।’

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম