এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানের অষ্টম দিনে ৭০টি স্থাপনায় মিলেছে এডিস মশার লার্ভা। এ সময়ে ১২টি মামলায় ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার পরিচালিত অভিযানে ১৩ হাজার ২৮০টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৭০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এছাড়া ৭ হাজার ৭৯০টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ সময়ে ১২টি মামলায় ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এতে আরও বলা হয়, ৮ আগস্ট থেকে শুরু হওয়া তৃতীয় পর্যায়ের চিরুনি অভিযানে আজ পর্যন্ত ১ লাখ ৫ হাজার ১৫১টি বাড়ি, স্থাপনা ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ৫৬৩টিতে এডিসের লার্ভা এবং ৬১ হাজার ৮১৩টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। এ পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে ৮ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।








